শনিবার, আগস্ট ২২, ২০২৬

খুলনায় মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

সোনার দেশ ডেস্ক ১২ আগস্ট ২০২৬ ১২:১১ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১২ আগস্ট ২০২৬ ১২:১১ অপরাহ্ন
খুলনায় মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা
রূপসা থানা

খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নে ফখরুল শেখ (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (১১ আগস্ট) মধ্যরাতে ইউনিয়নের কিসমত খুলনা রূপসা ব্রিকস ইটভাটা এলাকায় হত্যাকাণ্ডের শিকার হন তারা।

নিহত ফখরুল নৈহাটি গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় যুবদল নেতা ফরহাদ শেখের ভাই।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইটভাটায় বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার জন্য মাঝেমধ্যে ফখরুল রাতে সেখানে পাহারার দায়িত্ব পালন করতেন। ঘটনার রাতে ইটভাটার ভেতরে অবস্থান করছিলেন তিনি। রাত ১টার দিকে দুর্বৃত্তরা ইটভাটায় প্রবেশ করে তাকে গুলি করে পালিয়ে যায়। রাত ১টা ১১ মিনিটের দিকে ফখরুল গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে তার ভাই যুবদল নেতা ফরহাদ শেখ দ্রুত ইটভাটায় যান। পরে স্থানীয়দের সহায়তায় ফখরুলকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ফখরুলের শরীরে দুটি গুলির আঘাত রয়েছে। একটি গুলি ঘাড়ে, আরেকটি ডান চোয়ালের নিচ দিয়ে ঢুকে বাম কানের ওপর দিয়ে বেরিয়ে যায়। চার ভাই ও এক বোনের মধ্যে ফখরুল ছিলেন সবার ছোট। তার দুটি মেয়ে রয়েছে। কে বা কারা এবং কী কারণে ফখরুলকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।


রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, ‍“খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। মরদেহের সুরতহালে দেখা যায়, তার শরীরে দুটি গুলি লেগেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের ভাই ফরহাদ শেখ থানায় একটি এজাহার দায়ের করেছেন। এই হত্যা মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। অভিযান অব্যাহত রয়েছে।”


তথ্যসূত্র: রাইজিংবিডি