ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
বাংলাদেশ রেলওয়ের জন্য ভারত থেকে আসছে ১৯টি এলএইচবি ব্রডগেজ যাত্রীবাহী কোচ। ভারতের পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত ‘রেল কোচ ফ্যাক্টরি’ (আরসিএফ) থেকে বাংলাদেশ রেলওয়ের জন্য তৈরি কোচগুলোর প্রথম চালান ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে প্রস্তুত করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের বহর আধুনিকীকরণ এবং সময়সূচির বিপর্যয় কাটাতে ৯১৫ কোটি রুপি ব্যয়ের এক চুক্তির আওতায় মোট ২০০টি ব্রডগেজ কোচ সরবরাহ করবে ভারত। ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের প্রথম চালানে আসছে- দুটি এসি স্লিপার কোচ, তিনটি এসি চেয়ার কোচ, ১১টি নন-এসি চেয়ার কোস এবং দুুটি পাওয়ার কোচ। ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে ২০০টি কোচের পুরো চালান বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।
বাংলাদেশ রেলওয়ের চাহিদা ও দূরপাল্লার যাত্রীদের আরামদায়ক ভ্রমণের কথা মাথায় রেখে কোচগুলোতে যুক্ত করা হয়েছে বেশ কিছু বিশেষ সুবিধা। সবুজ-সাদা রঙের এই কোচগুলোর আসন ব্যবস্থায় রিক্লাইনিং চেয়ারের সঙ্গে যুক্ত করা হয়েছে স্টেইনলেস স্টিলের আর্মরেস্ট এবং ফুটরেস্ট, যা যাত্রীদের জন্য ভ্রমণকে আরো আরামদায়ক করবে।
যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এসি কোচে ফ্যান, সমন্বিত সিসিটিভি ক্যামেরা, প্যাসেঞ্জার অ্যালার্ম সিস্টেম, আংশিক খোলার সুবিধা সংবলিত জানোলা এবং প্রথমবারের মতো বেবি কেয়ার রুম ও প্রার্থনা কক্ষ যুক্ত করা হয়েছে।
নিরাপত্তার ক্ষেত্রে কোচগুলোতে যুক্ত করা হয়েছে ইউরোপীয় মানদণ্ড (ইএন ১৫২২৭) অনুযায়ী ‘ক্র্যাশওয়ার্দি’ ডিজাইন। এর ফলে সংঘর্ষের সময় যাত্রীদের ক্ষয়ক্ষতির ঝুঁকি অনেকাংশে কমে যাবে।
উৎসবের সময়ে বাংলাদেশের ট্রেনে ছাদে যাত্রী ভ্রমণের বিষয়টিকে মাথায় রেখে কোচগুলোর ছাদ বিশেষভাবে মজবুত করা হয়েছে, যাতে অতিরিক্ত ওজন অনায়াসে সহ্য করতে পারে।
এর আগে ২০১৫-১৬ সালেও ভারত থেকে ১২০টি এলএইচবি কোচ সংগ্রহ করেছিল বাংলাদেশ রেলওয়ে। সেই সফল অংশীদারিত্বের ধারাবাহিকতায় ২০২৪ সালে আরসিএফ এবং ভারতীয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘রাইটস’-এর মাধ্যমে নতুন ২০০টি কোচের কার্যাদেশ দেওয়া হয়।
তথ্যসূত্র: রাইজিংবিডি