আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার উদ্যোগ
জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনকে সামনে রেখে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের কার্যক্রম ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন কর্মসূচি যথাযথভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
একই সঙ্গে বহির্বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং জাতিসংঘে বাংলাদেশের মিশনের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. আইরিন জুবাইদা খান। সাক্ষাৎকালে এসব বিষয়ে মতবিনিময় হয়।
সাক্ষাতে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদান উপলক্ষে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকারগুলো তুলে ধরার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক গণমাধ্যমে তাঁর বিভিন্ন কর্মসূচি যথাযথভাবে উপস্থাপনের বিষয়টি গুরুত্ব পায়।
ড. আইরিন খান বহির্বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ক্ষেত্রে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তথ্যমন্ত্রী।
সাক্ষাতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়াকে বড় চ্যালেঞ্জ ও উদ্বেগের বিষয় হিসেবে চিহ্নিত করেন উভয়ে। এ ধরনের অপপ্রচার মোকাবিলায় কার্যকর যোগাযোগ কৌশল গ্রহণ, দ্রুত ও নির্ভরযোগ্য তথ্যপ্রবাহ নিশ্চিত করা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
তথ্যমন্ত্রী এ সময় অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় তথ্য মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। পাশাপাশি এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার, গণমাধ্যম ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাক্ষাতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র: বাংলানিউজ