কক্সবাজার ও নেতকোণায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু
কক্সবাজার ও নেতকোণায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাস ও জিপের সংঘর্ষে ৪ জন এবং নেত্রকোণায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত নিহত হয়েছেন। প্রথম দুর্ঘটনাটি দুপুরে এবং অপরটি বিকেলে সংঘটিত হয়।
কক্সবাজারে বাস-জিপ সংঘর্ষে নিহত ৪
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাড়ির উপপরিদর্শক (এসআই) শামসুজ্জামান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লাল সবুজ পরিবহনের একটি বাস ও জিপের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
নেত্রকোণায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
নেত্রকোণায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৫ থেকে ৬ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়কের পূর্বধলা উপজেলার নারান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা নেত্রকোণাগামী ভক্তদের বহনকারী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সার বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক পুরুষ ও এক নারী মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও দুই পুরুষের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পিকআপ ভ্যানটি ভক্তদের নিয়ে নেত্রকোণার মদনপুরে হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি (রহ.)-এর বার্ষিক ওরসে যাচ্ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে শ্যামগঞ্জ ফাঁড়ি পুলিশ ও শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়ক যোগাযোগ স্বাভাবিক করছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে শ্যামগঞ্জ ফাঁড়ি পুলিশ ও শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়ক যোগাযোগ স্বাভাবিক করছে।
তথ্যসূত্র: ঢাকাপোস্ট