গ্যাসের সংকট ‘কয়েক দিনের মধ্যে অনেকাংশে’ কমে আসবে: প্রধানমন্ত্রী
দেশে গ্যাসের সংকট ‘কয়েক দিনের মধ্যে অনেকাংশে কমে’ আসবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্বালানি সংকটে সৃষ্ট জনদুর্ভোগের জন্য ‘দুঃখপ্রকাশও’ করেছেন সরকারপ্রধান।
শনিবার ঢাকা-১৭ আসনে এক আলোচনা সভায় কথা বলছিলেন প্রধানমন্ত্রী। সরকারপ্রধান বলেন, “কিছু দিন ধরে সমগ্র বাংলাদেশের মানুষ, বিশেষে মহানগর, শহর, উপজেলা ও জেলা শহরগুলোতে মানুষ বিদ্যুতের কষ্ট পাচ্ছে। আমি জানি দেশের বিভিন্ন এলাকায় মানুষ গ্যাসের কষ্ট পাচ্ছে। সিএনজি বলেন, এলপিজি বলেন, বিভিন্ন রকম গ্যাসের কষ্ট পাচ্ছে।
“আমাদের এই মূল্যবান গ্যাসের একটি বড় অংশ আমাদেরকে বিদেশ থেকে আনতে হয়। জাহাজের মাধ্যমে এনে যে স্টোরেজে রাখতে হয়, সেই স্টোরেজের ব্যবস্থা মাত্র দুটি করে গিয়েছে ১৫ বছরের সেই ‘ফ্যাসিবাদ’। তাও এমনভাবে করে গিয়েছে, যেন তাদের লোকজন সেই সুবিধা পায়।”
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে দায়ী করে সরকারপ্রধান বলেন, “আজ দুটি ভাসমান জাহাজের একটিতে হঠাৎ দুর্ঘটনা ঘটে যাওয়ায় গ্যাসের এই সমস্যা দেখা দিয়েছে।
“এরই মধ্যে কারিগরি ত্রুটি সারানো হয়েছে। আমি আশা করি, আগামী কয়েক দিনের মধ্যে এ সমস্যা অনেকাংশে কমে আসবে।“
প্রধানমন্ত্রী বলেন, “সমগ্র বাংলাদেশের মানুষ বিদ্যুতের জন্য যে কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি।”
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে এদিন মহাখালীর ওয়ারল্যাস টিএন্ডটি মাঠে দুঃস্থ ও অসুস্থদের আর্থিক সহায়তা দিতে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
আলোচনার ঢাকা-১৭ আসনের ৬৮১ জনের হাতে চেক তুলে দেন তারেক রহমান।
তথ্যসূত্র: বিডিনিউজ