রাবিতে শূন্য ৬ ডিনের পদে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবি প্রতিনিধি:
শিক্ষার্থীদের দাবির মুখে রুটিন দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামীপন্থী ছয় ডিন। শূন্য ছয়টি ডিনের পদে সাময়িকভাবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন।
সোমবার (২২ ডিসেম্বর) ছয়জন ডিনের পদে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ।
অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, ৬টি অনুষদের মধ্যে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকিব, ব্যবসায় শিক্ষা অনুষদ ও আইন অনুষদের দায়িত্ব পালন করবেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন এবং সামাজিক বিজ্ঞান অনুষদ ও ভূবিজ্ঞান অনুষদের দায়িত্ব পালন করবেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দিন খান।
দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করা ছয় ডিন হলেন- আইন অনুষদের অধ্যাপক ড. আবু নাসের মো. ওয়াহিদ, বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. নাসিমা আখতার, ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ড. এ এস এম কামরুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. এস এম একরাম উল্লাহ, প্রকৌশল অনুষদের অধ্যাপক ড. বিমল কুমার প্রামাণিক ও ভূবিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. এ এইচ এম সেলিম রেজা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ১২টি অনুষদের মধ্যে ছয়টিতে আওয়ামী লীগপন্থী হলুদ প্যানেলের প্রার্থীরা ডিন হিসেবে নির্বাচিত হন। গত বুধবার (১৭ ডিসেম্বর) তাঁদের মেয়াদ শেষ হলেও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত তাঁদের দায়িত্বে থাকার নির্দেশ দেন উপাচার্য।
অন্যদিকে বৃহস্পতিবারেই (১৮ ডিসেম্বর) এসব ডিনদের পদত্যাগের দাবি জানান রাকসু’র জিএস সালাহউদ্দিন আম্মার। রবিবার (২১ ডিসেম্বর) তাঁদের পদত্যাগপত্র লিখে নিয়ে এসে স্বাক্ষর সংগ্রহেরও চেষ্টা করেন তিনি। তবে এদিন এই ছয়জন ডিনের কেউই ক্যাম্পাসে আসেননি।
একই দাবিতে এদিন দুপুরের দিকে এই ছয় ডিনের অফিসে তালা মেরে দেন রাকসু ও সিনেটর কয়েকজন প্রতিনিধিসহ কিছু শিক্ষার্থী। পরে উপাচার্যসহ, উপ-উপাচার্যসহ বিভিন্ন দপ্তরেও তালা দেন তাঁরা। একপর্যায়ে তাদের সঙ্গে যোগ দেন রাবি শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। বিকেলের দিকে এবিষয়ে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর তালা খুলে দেন আন্দোলনকারীরা।