দুদকের চেয়ারম্যান হলেন বিচারপতি একেএম আসাদুজ্জামান
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ও কমিশনের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে দুদকের চেয়ারম্যান এবং ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়াকে কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।
দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার নিয়োগ দিয়ে সোমবার (১৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ (২০০৪ সনের ৫ নম্বর আইন)-এর ধারা ৬ এর উপধারা (১) এর বিধান অনুসারে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, ড. জাহাঙ্গীর আলম খান এবং ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়াকে দুর্নীতি দমন কমিশনের কমিশনার নিয়োগ করা হলো।
এতে আরও বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৫ এর উপধারা (১) এর বিধান অনুসারে বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে কমিশনের চেয়ারম্যান নিয়োগ করা হলো।
দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ১৩ এর বিধান অনুসারে কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের এবং কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়ার বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকের সমরূপ নির্ধারণ করা হলো। জনস্বার্থে জারিকৃত এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার পদে নিয়োগের জন্য সুপারিশের উদ্দেশ্যে গত ২২ জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি মো. রেজাউল হকককে সভাপতি করে পাঁচ সদস্যের সমন্বয়ে বাছাই কমিটি গঠন করেছে সরকার।
বাছাই কমিটির সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি রাজিক আল জলিল, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিব।
এ কমিটি দুর্নীতি দমন কমিশন আইন-২০২৪ এর ধারা ৭ এর উপধারা ৪ এর বিধান অনুযায়ী দুর্নীতি দমন কমিশনের কমিশনারের প্রতিটি শূন্য পদের বিপরীতে দুজন ব্যক্তির নামের তালিকা প্রণয়ন করে ধাারা ৬-এর অধীন নিয়োগ দিতে রাষ্ট্রপতির কাছে পাঠান।
গত ৩ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ একযোগে পদত্যাগপত্র জমা দেন।
শূন্য থাকার সাড়ে পাঁচ মাসের মাথায় দুদক চেয়ারম্যান ও কমিশনার পেল।
তথ্যসূত্র: বাংলানিউজ