ছোট ভাইয়ের সঙ্গে স্ত্রী চলে যাওয়ায় কেরোসিন ঢেলে শরীরে আগুন, যুবকের মৃত্যু
পারিবারিক কলহের জেরে নরসিংদীর শিবপুর উপজেলায় ছোট ভাইয়ের সঙ্গে স্ত্রী পালিয়ে যাওয়ায় নিজ শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়া এক যুবক মারা গেছেন।
ঘটনার তিন দিন পর বুধবার ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া।
নিহত আল সাদী (২৭) উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব বেতাগিয়া মধ্যপাড়া গ্রামে জাকির মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, আল সাদী আগেও দুই বিয়ে করেছিলেন কিন্তু বউ চলে গেছে। পরে তৃতীয় বিয়ে করেন। এই বউ চলে গেছে ছোট ভাইয়ের সঙ্গে। এতে মানসিকভাবে ভেঙে পড়েন সাদী।
সোমবার বিকাল ৫টার দিকে বাড়ি থেকে একটু দূরে রাস্তায় নিজ শরীরে কেরোসিন ঢেলে আগুন দেন সাদী। এ সময় স্থানীয়রা তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করেন। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি কোহিনূর মিয়া বলেন, “সাদী নিজের শরীরে আগুন দিয়ে মারা যাওয়ার খবর পেয়েছি। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় এখনও পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
তথ্যসূত্র: বিডিনিউজ