রাবি সভাপতি ও জাবি সেক্রেটারির বক্তব্য অনিচ্ছাকৃত ‘স্লিপ অব টাং’: ইসলামী ছাত্রশিবির

ইসলামী ছাত্রশিবিরের রাবি শাখা সভাপতি ও জাবি শাখা সেক্রেটারি (বা থেকে)। ছবি: সংগৃহীত
রাবি প্রতিবেদক :
‘বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে। তাহলেই বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জন হবে’ এমন মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান। অন্যদিকে, দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার অবশ্যই বন্ধ করতে হবে বলে দাবি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ।
তবে তাদের সাম্প্রতিক বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত ছিল বলে জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এসব বক্তব্যকে সংগঠনের অবস্থান হিসেবে উপস্থাপন করাকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলেও দাবি করেছে সংগঠনটি। রবিবার (২১ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ কথা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সব সময় গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতার প্রতি শ্রদ্ধাশীল।
আমরা মনে করি, গণমাধ্যমের ওপর যেকোনো ধরনের হামলা মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এ ধরনের কর্মকাণ্ড ছাত্রশিবির কখনোই সমর্থন করে না। অত্যন্ত উদ্বেগের বিষয় হলো—একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে দৈনিক ‘ডেইলি স্টার’ ও ‘প্রথম আলো’-এর কার্যালয়ে সংঘটিত ভাঙচুর ও অগ্নিসংযোগের দায় ছাত্রশিবিরের ওপর চাপিয়ে দিয়ে প্রকৃত ঘটনা আড়াল করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা এই উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার, ষড়যন্ত্র ও অপরাজনীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
নেতৃবৃন্দ আরও বলেন, “সম্প্রতি রাবি শাখা সভাপতি ও রাকসু ভিপি এবং জাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারির ব্যক্তিগত বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রশিবিরের ওপর দায় চাপানোর অপচেষ্টা চালানো হয়। সংশ্লিষ্ট বক্তব্যগুলো ছিল সম্পূর্ণ তাদের ব্যক্তিগত। ইতোমধ্যে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা নিজ নিজ বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা প্রদান করেছেন এবং বক্তব্যের ক্ষেত্রে অনিচ্ছাকৃত ‘স্লিপ অব টাং’-এর বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। এটা ছাত্রশিবিরের কোনো অফিসিয়াল বক্তব্য বা অবস্থান নয়।
আমরা স্পষ্ট ঘোষণা করছি, গণমাধ্যমে কিংবা কোনো সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার সাথে ছাত্রশিবির দূরতম কোনো সম্পর্ক নেই। পাশাপাশি এই ধরনের হামলার ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আশা করি অপপ্রচারের কারণে সৃষ্ট ভুল বোঝাবুঝি অবসান হবে।” সংশ্লিষ্ট ঘটনার নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য তদন্ত দাবি করেন নেতৃবৃন্দ।