৭ বছরের ছেলেকে পাহাড়ের ২ হাজার মিটার উচ্চতায় রেখে চলে গেলেন বাবা
জাপানের সর্বোচ্চ পর্বতে ছেলেকে শুধু একটি কোমল পানীয় ও হালকা খাবার দিয়ে কয়েক ঘণ্টার জন্য একা রেখে চলে গিয়েছিলেন এক বাবা। এ ঘটনায় ওই বাবাকে পুলিশ তিরস্কার করেছে। শনিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
কুয়াশাচ্ছন্ন ও বৃষ্টিভেজা আবহাওয়ায় ফুজি পর্বতের দুই হাজার মিটারেরও বেশি উচ্চতায় একটি বেঞ্চে সাত বছর বয়সী ছেলেটিকে নিয়ে গিয়েছিলেন ওই পিতা। ছেলেটি ক্লান্ত বলে অভিযোগ করলে তার ৪৮ বছর বয়সী বাবা তাকে ‘এখানে অপেক্ষা করতে’ বলেন এবং বড় ছেলের সাথে পর্বতারোহণ চালিয়ে যান।
পর্বতের চূড়ার দিকে যাওয়ার একটি হাইকিং রুটের ষষ্ঠ স্টেশনের কাছে একটি পাহাড়ি কুটিরের কর্মীরা শিশুটিকে খুঁজে পেয়ে পুলিশকে খবর দেন। তার বাবাকে ওই রুটের অষ্টম স্টেশনে খুঁজে পাওয়া যায়, যা পর্বত থেকে তিন ঘণ্টার হাঁটা পথের দূরত্বে অবস্থিত বলে জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটে ছেলেটিকে খুঁজে পাওয়া যায়। উচ্চতর স্টেশন থেকে ফিরে এসে ছেলের সাথে মিলিত হলে কর্মকর্তারা তার বাবাকে তীব্রভাবে ভর্ৎসনা করেন। এই কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়েছেন ওই পিতা।
জানা গেছে, পরিবারটি ফুজিনোমিয়া রুটে ছিল, যা পাহাড়ের পঞ্চম স্টেশন থেকে শুরু হয়। সেখানে গণপরিবহনের মাধ্যমে পৌঁছানো যায়।
পর্বতারোহী গাইডদের মতে, সেখান থেকে চূড়ায় পৌঁছাতে প্রায় পাঁচ ঘণ্টা এবং নিচে নামতে আরো তিন ঘণ্টা সময় লাগে।
তথ্যসূত্র: রাইজিংবিডি