বিমানবন্দরে ফের বিপুল পরিমাণ কুশসহ দুই ভারতীয় গ্রেপ্তার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঁচ কেজি ৪০ গ্রাম কুশ, তিন লিটার বিদেশি মদ, ২৪ পিস ভারতীয় শাড়ীসহ দুইজন ভারতীয় নাগরিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
ভারতীয় পাসপোর্টসহ গ্রেপ্তাররা হলেন, সানোয়ার আলি (৩৬) এবং ইমতিয়াজ আহমেদ (৩৬)।
সোমবার (২৪ আগস্ট) বিমানবন্দরের নিচ তলায় আগমনী হলের গ্রীন চ্যানেলে তাদেরকে আটক করা হয়।
জানা যায়, সোমবার (২৪ আগস্ট) গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্যালয়ের সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ টিম হযরত শাহজালাল বিমানবন্দরের গ্রীন চ্যানেলে অবস্থান নেয়।
এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের (ফ্লাইট নং- ঞএ৩২১) একটি ফ্লাইটে আসা ভারতীয় নাগরিক সানোয়ার আলি এবং ইমতিয়াজ আহমেদকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষী এবং বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার সামনে তাদের ট্রাভেল ট্রলি তল্লাশি করে কাপড়ের নিচে সুকৌশলে লুকানো পাঁচ কেজি ৪০ গ্রাম কুশ, তিন লিটার বিদেহী মদ, ২৪ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।
পাঁচ কেজি ৪০ গ্রাম কুশ, তিন লিটার বিদেশী মদ, ৪ পিস ভারতীয় শাড়ী, ২টি ভারতীয় পাসপোর্ট (নম্বর: জ৫৮৮৪৭৮০ ও ত৭০৪৬২৬২)। ২টি বোর্ডিং কার্ড, চারটি স্মার্টফোন, ৪০০ ইউএস ডলার, থাইল্যান্ডের এক হাজার ১৭০ বাথ, ভারতীয় এক হাজার ১৭০ রুপি।
গ্রেফতারকৃত আসামি সানোয়ার আলি ও ইমতিয়াজ আহমেদ ভারতের উত্তর ২৪ পরগনার বাসিন্দা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর), বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছে। তাদের সহযোগী কয়েকজন বাংলাদেশিকে ইতোমধ্যে শনাক্ত করা সম্ভব হয়েছে এবং দ্রুত তাদেরকে আইনের আওতায় আনা হবে।
তথ্যসূত্র: বাংলানিউজ