রাবিতে শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

রাবি প্রতিবেদক :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) আছর নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ জানাজা নামাজ আদায় করা হয়।
জানাজায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মো. আখতার হোসেন মজুমদারসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, রাকসুর প্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
জানাজা শেষে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, “শরীফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী ও নীতিবান মানুষ। দেশ ও মানুষের জন্য তাঁর ত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর অকাল প্রয়াণ আমাদের জন্য গভীর বেদনার।”
এ সময় রাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বির বলেন, “ওসমান হাদির মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো জাতির ক্ষতি। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর আদর্শকে ধারণ করেই সামনে এগিয়ে যেতে চাই।”
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড হয়ে ব্যাটারিচালিত রিকশায় এক সঙ্গীসহ বিজয়নগরের দিকে যাচ্ছিলেন ওসমান হাদি। বেলা ২টা ২৪ মিনিটে একটি চলন্ত মোটরসাইকেলের পেছনে থাকা ব্যক্তি ওসমান হাদিকে গুলি করেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি ইন্তেকাল করেন।