বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

হামের টিকা পাবে আরো ৩০ লাখ শিশু

সোনার দেশ ডেস্ক ২৬ আগস্ট ২০২৬ ০৮:৫৫ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৬ আগস্ট ২০২৬ ০৮:৫৫ অপরাহ্ন
হামের টিকা পাবে আরো ৩০ লাখ শিশু

দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর পরিস্থিতি নিয়ন্ত্রণে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে আবারও বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। আগামী ২৮ সেপ্টেম্বর সারাদেশে একযোগে এ কর্মসূচি শুরু করার পরিকল্পনা রয়েছে। এতে প্রায় ৩০ লাখ শিশুকে নতুন করে হামের টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


মঙ্গলবার (২৫ আগস্ট) জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে নতুন করে এ টিকাদান কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত হয়।


স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগের বিশেষ টিকাদান কর্মসূচিতে কিছু এলাকায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী অনেক শিশু টিকা থেকে বাদ পড়ে। এবার এসব শিশুকে শনাক্ত করে টিকার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের হাতে বর্তমানে প্রায় ১৬ লাখ ডোজ হামের টিকা রয়েছে। প্রয়োজন অনুযায়ী নতুন করেও টিকা সংগ্রহ করা হয়েছে।


স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, দেশে হামের প্রকোপ অব্যাহত থাকায় সরকার আবারও বিশেষ টিকাদান কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর সারা দেশে একযোগে এ কর্মসূচি শুরু হবে। এতে প্রায় ৩০ লাখ শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।


এর আগে চলতি বছরের মার্চে দেশে হামের প্রাদুর্ভাব শুরু হলে সংক্রমণ নিয়ন্ত্রণে বিশেষ টিকাদান কর্মসূচি হাতে নেয় সরকার। ৫ এপ্রিল ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলা ও পৌরসভায় এ কার্যক্রম শুরু হয়। পরে ঢাকার দুই সিটি করপোরেশন এবং বরিশাল ও ময়মনসিংহ সিটি করপোরেশনে তা সম্প্রসারণ করা হয়। ২০ এপ্রিল থেকে কর্মসূচি সারা দেশে চালু করা হয়।


সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, ৬ থেকে ৫৯ মাস বয়সী এক কোটি ৮০ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য ছিল। লক্ষ্যের বিপরীতে ১০৩ শতাংশ শিশুকে টিকার আওতায় আনা হয়েছে বলেও দাবি করা হয়। 


তথ্যসূত্র: রাইজিংবিডি