হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের সংক্রমণ ও হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৩১টি শিশুর মধ্যে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ৭৫ শিশুর শরীরে হাম শনাক্ত করা হয়েছে। এছাড়া, হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ৯৫৬ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৭ আগস্ট পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮৫৬ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম আক্রান্ত শিশু মারা গেছে ৯৯ জন। সব মিলিয়ে এই সময়ের মধ্যে হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৫৬ শিশুর মৃত্যু হয়েছে।
বাংলাদেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৬৯২ জনে। এর মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ১৮ হাজার ৭২৬ জন। হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৩৪ হাজার ৪৩৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
তথ্যসূত্র: রাইজিংবিডি