শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

শাহজালালে ফের ৫ কেজি কুশসহ দুই ভারতীয় গ্রেপ্তার

সোনার দেশ ডেস্ক ২৮ আগস্ট ২০২৬ ১১:৫৭ পূর্বাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৮ আগস্ট ২০২৬ ১১:৫৭ পূর্বাহ্ন
শাহজালালে ফের ৫ কেজি কুশসহ দুই ভারতীয় গ্রেপ্তার

দুই দিনের ব্যবধানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অপ্রচলিত মাদক কুশসহ আরও দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


৫ কেজি ১২০ গ্রাম কুশসহ গ্রেপ্তার দুজন হলেন ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা আবদুল রহমান (৪৬) ও মোহাম্মদ ইকবাল আনসারি (৪৫)।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেলে অবস্থান নেন সংস্থাটির কর্মকর্তারা।


এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে আসা ওই দুই ভারতীয় গ্রিন চ্যানেলে পৌঁছালে তাদের সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।


পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার সদস্য ও সাক্ষীদের উপস্থিতিতে তাদের ট্র্যাভেল ট্রলি তল্লাশি করা হয়। তল্লাশির সময় কাপড়ের নিচে কৌশলে লুকানো ৫ কেজি ১২০ গ্রাম কুশ উদ্ধার করা হয়।


এ ছাড়া তাদের কাছ থেকে দুটি ভারতীয় পাসপোর্ট, ৫০০ মার্কিন ডলার, ১০ হাজার ভারতীয় রুপি, তিনটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। অধিদপ্তরের বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে মামলাটি করেন।


কুশ হল অত্যন্ত শক্তিশালী এবং মারাত্মক এক ধরনের সিন্থেটিক বা কৃত্রিম মাদক, যা সাধারণ গাঁজা বা মারিজুয়ানার চেয়ে প্রায় ১০০ গুণ বেশি ক্ষতিকর বলে চিকিৎসকদের ভাষ্য।


এটি মূলত বিভিন্ন উদ্ভিদের পাতার সাথে ক্ষতিকর রাসায়নিক উপাদান, সিন্থেটিক ক্যানাবিনয়েড এবং কৃত্রিম ওপিয়েড মিশ্রিত করে তৈরি করা হয়।


শাহজালাল বিমানবন্দরে সাম্প্রতিক সময়ে কুশ নামের এই মাদকের কয়েকটি চালান আটকের ঘটনা ঘটেছে।

গত ১৮ অগাস্ট বিমানবন্দরের গ্রিন চ্যানেলে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওই ঘটনায় জড়িত দুই ভারতীয় নাগরিক আকাশ দুবে ও আকাশ পাণ্ডে ট্রলি ও পাসপোর্টের ফটোকপি রেখে পালিয়ে যান। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়।


এরপর ২২ অগাস্ট ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে আসা ভারতের কর্ণাটকের বাসিন্দা হুসাইন আবদুল কাদের শেখকে ৩ কেজি কুশসহ গ্রেপ্তার করা হয়। তার ট্রলি ব্যাগে কাপড়ের নিচে লুকানো অবস্থায় ওই কুশ পাওয়া যায়।


এর দুই দিন পর, ২৪ অগাস্ট, শাহজালাল বিমানবন্দরে ৫ কেজি ৪০ গ্রাম কুশসহ পশ্চিমবঙ্গের দুই নাগরিক সানোয়ার আলী ও ইমতিয়াজ আহমেদকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের কাছ থেকে তিন লিটার মদ ও ২৪টি ভারতীয় শাড়িও জব্দ করা হয়।


সর্বশেষ বৃহস্পতিবারের ৫ কেজি ১২০ গ্রামসহ এসব ঘটনায় মোট ১৭ কেজি ৫২০ গ্রাম কুশ জব্দ হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে মোট পাঁচ ভারতীয় নাগরিককে। প্রতিটি ঘটনায় বিমানবন্দর থানায় আলাদা মামলা করা হয়েছে।


তথ্যসূত্র: বিডিনিউজ