কক্সবাজারে মদের বারে যুবক খুন
কক্সবাজার শহরের রেনেসাঁ হোটেলের মদের বারে কথা কাটাকাটির জেরে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
নিহত যুবকের নাম রাশেদ। তার লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখার কথা বলেন ওসি।
এ ঘটনায় রাতেই সোলাইমান নামে একজনকে আটকের তথ্যও দেন তিনি।
সিসিটিভি ফুটেজ ও বারে কর্মরতদের বরাতে পুলিশ বলছে, ঘটনার আগে বারে বসা কয়েকজনের মধ্যে বিরোধের একপর্যায়ে বাইরে থেকে দুজনকে ডেকে আনা হয়। পরে তাদের ওপর হামলা হলে রাশেদ নামে এক যুবক গুরুতর আহত হয়ে মারা যান।
অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমানও ঘটনার সূত্রপাতের বিষয়ে একই রকম কথা বলেন।
তার ভাষ্য অনুযায়ী, বাইরে থেকে আসা ওই দুজনের একজন ছিলেন রাশেদ। পরে তাদের সঙ্গে বারে থাকা লোকজনের হাতাহাতি শুরু হয় এবং রাশেদকে সেখানে মারধর করা হয়।
তিনি বলেন, বারের ভেতরে থাকা সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ এবং অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত বারটি বন্ধ রাখা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর বলেন, তদন্তের স্বার্থে আলামত সংগ্রহ করা হবে। এ কারণে প্রশাসনের পক্ষ থেকে বারটি বন্ধ করে দেওয়া হয়েছে।
ঘটনার পর বারের নিরাপত্তা ও প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েও তদন্ত করার কথা বলেছেন পুলিশ কর্মকর্তারা।
তথ্যসূত্র: বিডিনিউজ