বালিকাকে কোলে নিয়ে কচ্ছপে সওয়ার তরুণী!
অবোলা পশুপাখিকে প্রায় সকলেই ভালবাসেন। কাছে টেনে নিয়ে আদর না করলেও তাদের কোনও ভাবে নির্যাতন করেন না বলতে গেলে কেউই। তবে এর ব্যতিক্রমও রয়েছে। কখনও-সখনও এমন দৃশ্যও চোখে পড়ে যেখানে মানুষের নিষ্ঠুরতায় স্তম্ভিত হয়ে যেতে চায়। নিছক মজা করার জন্য এমন কাজ করে বসেন কেউ কেউ, যার ফলে গুরুতর যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় নিরীহ প্রাণীগুলিকে। সম্প্রতি তেমনই একটি ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ঘটনাটি চিনের গুয়াংডঙের।
ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, ছোট্ট বালিকাকে কোলে নিয়ে একটি কচ্ছপের পিঠে চেপে বসেছেন এক তরুণী। তার পরনে জিন্স-টিশার্ট। পেছনে আরও একটি কচ্ছপ রয়েছে। সেটির পাশে দাঁড়িয়ে রয়েছে এক বালক। তরুণী হাতের যে ইশারা করছেন, তা থেকে মনে হচ্ছে ওই বালককেও কচ্ছপের উপর চড়ে দাঁড়াতে বলছেন তিনি। অতিরিক্ত ওজনের কারণে প্রাণীটির খুবই কষ্ট পাচ্ছিল বলে মনে হচ্ছিল। ওই বিপুল ওজন পিঠে থাকায় প্রাণও যেতে পারত সেটির।
‘সায়েন্সডিকোড’ নামের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে ঘটনাটির ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। অসংখ্য বার দেখা হয়েছে ভিডিয়োটি। এটি দেখে ক্ষোভে ফেটে পড়েছেন নেটাগরিকেরা। গুরুতর সমালোচনার শিকার হয়েছেন ওই তরুণী।
সংবাদ প্রতিবেদন অনুসারে, ফোশান শহরের একটি পর্যটন ও অবসরযাপনের উদ্যানে এই অমানবিক কাণ্ডটি ঘটিয়েছেন তরুণী। সেই কচ্ছপটি হল আফ্রিকার স্পার্ড টরটয়েজ়। জানা গিয়েছে, দর্শনার্থীদের কচ্ছপের উপর পা রাখার নিষেধাজ্ঞা জারি করে সাইনবোর্ডও রয়েছে ওই উদ্যানে। তা সত্ত্বেও, সে সবে একেবারেই পাত্তা দেননি তরুণী।
এই ঘটনার পর একটি বিবৃতি দিয়েছে উদ্যান কর্তৃপক্ষ। তাঁরা জানিয়েছেন, পশুরোগ চিকিৎসক পরীক্ষা করে দেখেছেন কচ্ছপটির কোনও রকম শারীরিক ক্ষতি হয়নি। তবে ওই তরুণীর বিরুদ্ধে কোনও রকম পদক্ষেপ করা হয়েছে কি না, তা জানা যায়নি।
তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন