ফেনীতে নারী শিক্ষার্থীদের নিয়ে অশালীন মন্তব্য, যুবক পুলিশ হেফাজতে
ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের নারী শিক্ষার্থী ও অধ্যক্ষকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশালীন মন্তব্য করে পোস্ট দেওয়ার অভিযোগে মোরশেদ আলম আদিব নামে এক শিক্ষার্থীকে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।
ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের নারী শিক্ষার্থী ও অধ্যক্ষকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশালীন মন্তব্য করে পোস্ট দেওয়ার অভিযোগে মোরশেদ আলম আদিব নামে এক শিক্ষার্থীকে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে ঘটনাটি ঘটে।
আটক মোরশেদ ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় পর্বের শিক্ষার্থী।
শিক্ষার্থীরা জানান, মোরশেদ আলম আদিব তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের নারী ছাত্রাবাসের শিক্ষার্থীদের নিয়ে অশালীন মন্তব্য করে পোস্ট দেন। বিষয়টি সাধারণ শিক্ষার্থীদের নজরে এলে সোমবার রাতে তারা কলেজের হোস্টেল থেকে তাকে আটক করেন এবং কলেজ প্রশাসনকে খবর দেয়া হয়। পরে কলেজের শিক্ষকরা এসে বিষয়টি যাচাই-বাছাই করেন। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষার্থী অভিযোগের দায় স্বীকার করেন এবং এ ঘটনায় সবার কাছে ক্ষমা চান। পরে তাকে পুলিশের হেফাজতে দেওয়া হয়।
ফেনী পলিটেকনিক ছাত্রদলের আহ্বায়ক রুবেল মোঘল বলেন, “আমি ক্যাম্পাসের বাইরে ছিলাম। বিষয়টি শিক্ষার্থীরা আমাকে জানায়। তাৎক্ষণিক ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেছি। বিষয়টি স্যারদের জানালে তারা এসে পরে পুলিশকে খবর দেন।”
শিক্ষার্থী মুশফিকুর রহমান বলেন, “মোরশেদ আমার সহপাঠী। সে যেভাবে নোংরাভাবে আমাদের সহপাঠী বোনদের নিয়ে মন্তব্য করেছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা তার বহিষ্কার দাবি করছি।”
ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ রূপক কান্তি বলেন, “অভিযুক্ত আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী। সে তার ফেসবুকে আমাদের নারী শিক্ষার্থী ও কলেজ অধ্যক্ষকে নিয়ে অশালীন মন্তব্য লিখে পোস্ট করেছে। বিষয়টি কলেজের শৃঙ্খলার পরিপন্থী। জিজ্ঞাসাবাদে সে দোষ স্বীকার করেছে এবং ক্ষমা চেয়েছে।”
তিনি বলেন, “তার ভবিষ্যতের কথা বিবেচনা করে কোনো মামলা বা অভিযোগ দেওয়া হচ্ছে না। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হবে। এ কারণে তাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।”
উপাধ্যক্ষ আরো বলেন, “এ ঘটনায় কলেজ প্রশাসন মঙ্গলবার সকালে মিটিং করবে। সেখানেই তার বিরুদ্ধে কঠোরভাবে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে।”
তথ্যসূত্র : রাইজিংবিডি