বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

সারের সংকট নেই, মজুত ১২ দশমিক ৬১ লাখ টন: তথ্য উপদেষ্টা

সোনার দেশ ডেস্ক ০১ সেপ্টেম্বর ২০২৬ ০১:৪৬ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০১ সেপ্টেম্বর ২০২৬ ০১:৪৬ অপরাহ্ন
সারের সংকট নেই, মজুত ১২ দশমিক ৬১ লাখ টন: তথ্য উপদেষ্টা
সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

দেশে সারের সামগ্রিক সরবরাহ বা মজুতের কোনও সংকট নেই বলে আবারও দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তার দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি মিলিয়ে প্রায় ১২ দশমিক ৬১ লাখ মেট্রিক টন সার মজুত রয়েছে। 


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। 


তথ্য উপদেষ্টা বলেন, “দেশের কয়েকটি এলাকায় যে সমস্যা দেখা দিয়েছিল, সেটি সারের সামগ্রিক ঘাটতির কারণে নয়, মূল সমস্যা ছিল বিতরণ পর্যায়ে।” 


তিনি বলেন, “আমি আবারও বলছি, সারের সংকট নেই। বিতরণ পর্যায়ে দুই-একটি জায়গায় সমস্যা হয়েছিল। খুব বেশি জায়গায় নয়।” 


গত সপ্তাহে কয়েকটি এলাকায় কৃষকের সার না পাওয়া এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার কেনার অভিযোগ সামনে আসার প্রসঙ্গ উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, “এরপর সরকার ব্যবস্থা নিয়েছে এবং গত কয়েক দিনে আগের মতো বড় ধরনের সমস্যার খবর তার নজরে পড়েনি।” 


তার দেওয়া হিসাব অনুযায়ী, বর্তমানে সব ধরনের সার মিলিয়ে মজুত প্রায় ১২ দশমিক ৬১ লাখ মেট্রিক টন। গত বছরের একই সময়ে মজুত ছিল প্রায় ১২ লাখ মেট্রিক টন। অর্থাৎ সরকারের হিসাবে গত বছরের তুলনায় এবার সারের মজুত কিছুটা বেশি।


তথ্য উপদেষ্টা বলেন, “মজুদের সংকট নয়। বিতরণ পর্যায়ে দুই-একটি জায়গায় কিছু সমস্যা হয়েছিল। আমরা আশা করছি, সেটাও ঠিক হয়ে যাবে।”  


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন