বোয়িং বিমান কেনার প্রক্রিয়া নিয়ে আইনি নোটিশ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং বিমান কেনার প্রক্রিয়ায় সাংবিধানিক, সংবিধিবদ্ধ ও আর্থিক বৈধতা নিশ্চিতকরণ এবং স্বচ্ছতা ও জনস্বার্থের যৌক্তিকতা যাচাইয়ের জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম এম জি সারওয়ার মন্ত্রিপরিষদ সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব, অর্থ সচিব এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর এ নোটিশ পাঠান।
পরে এক বিজ্ঞপ্তিতে আইনজীবী সারওয়ার জানান, জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার মূল্যে ১৪টি বোয়িং বিমান কেনার জন্য একটি চুক্তি করেছে। এই বিশাল অঙ্কের জনসাধারণের অর্থ ব্যয়ের স্বচ্ছতা, আর্থিক যৌক্তিকতা, জনস্বার্থ এবং দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি-বৈদেশিক মুদ্রার সংকট ও মূল্যস্ফীতি-এবং বিকল্প প্রস্তাবের (যেমন এয়ারবাসের অফার) অস্তিত্ব বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
তিনি বলেন, বোয়িং বিমান কেনার ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো আর্থিক বাধ্যবাধকতা তৈরি হয়েছে কি না বা নতুন কোনো ক্রয়/লিজের পরিকল্পনা আছে কি না, তা প্রকাশ করতে হবে।
একটি পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও স্বাধীন যাচাই সম্পন্ন না হওয়া পর্যন্ত নতুন কোনো চুক্তি বা প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকতে হবে।
যেকোনো ক্রয় প্রক্রিয়া পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট-২০০৬ অনুসরণ করে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক হতে হবে।
অন্যথায় জনসাধারণের অর্থ সুরক্ষায় হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করা হবে বলে জানিয়েছেন আইনজীবী সারওয়ার।
তথ্যসূত্র: বাংলানিউজ