বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

সাংবাদিকদের অনলাইনে কার্ড দেবে ইসি

সোনার দেশ ডেস্ক ০৭ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৪ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৭ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৪ অপরাহ্ন
সাংবাদিকদের অনলাইনে কার্ড দেবে ইসি

জাতীয় নির্বাচনসহ দেশের সব নির্বাচনে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের অনলাইনে কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।


সোমবার (৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।


ইসি সচিব জানান, এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দেবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


বৈঠকে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী বলেন, নির্বাচনের গ্রহণযোগ্যতা অনেকটাই স্বাধীন সাংবাদিকতার ওপর নির্ভর করে। অতীতে অনেক অপেশাদার ব্যক্তি ও দলীয় নেতাকর্মী সাংবাদিকের কার্ড নিয়েছেন। এ ধরনের ঘটনা বন্ধে একটি স্বচ্ছ প্রক্রিয়া প্রয়োজন। নির্বাচন কমিশনের নতুন উদ্যোগে পেশাদার সাংবাদিকরা যাতে কার্ড পান, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।


এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো ধরনের ট্রায়াল ছাড়াই সাংবাদিক ও পর্যবেক্ষকদের অনলাইনে কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইসি। এজন্য একটি ওয়েবসাইটও তৈরি করা হয়েছিল।


তবে, ওই ওয়েবসাইটে আবেদন করার পর প্রায় ১৪ হাজার সাংবাদিকের তথ্য উন্মুক্ত হয়ে পড়ার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে আপত্তি ও দেশজুড়ে সমালোচনা হলে সেই প্রক্রিয়া থেকে সরে আসে কমিশন।


বৈঠকে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কাজী জেসিন, ইসির অতিরিক্ত সচিব মো. সামসুল আলম, রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল ও সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


তথ্যসূত্র: রাইজিংবিডি