শিক্ষার্থী থেকে চিকিৎসক, এবার সেবায় নিজের কলেজে ডা. সোহাগ
শিক্ষাজীবনের স্মৃতিবিজড়িত নিজের কলেজের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় এগিয়ে এসেছেন ফুলবাড়ী সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী ও চিকিৎসক ডা. শাহজালাল বাদশা সোহাগ। তাঁর উদ্যোগে কলেজের নিয়মিত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে ফুলবাড়ী সরকারি কলেজে এ ডেন্টাল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে শিক্ষার্থীদের মুখ ও দাঁতের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং দাঁতের যত্ন ও স্বাস্থ্যসচেতনতা বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
ক্যাম্পে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও দাঁতের সুরক্ষার বিভিন্ন উপকরণ দেওয়া হয়। পাশাপাশি মুখ ও দাঁতের বিভিন্ন সমস্যা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা হয়।
নিজের শিক্ষাপ্রতিষ্ঠানে এমন উদ্যোগ প্রসঙ্গে ডা. শাহজালাল বাদশা সোহাগ বলেন, শিক্ষাজীবনের স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য কিছু করতে পারা আনন্দের। শিক্ষার্থীদের মুখ ও দাঁতের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
ফুলবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় কলেজের সঙ্গে সাবেক শিক্ষার্থী ও চিকিৎসকের যৌথ উদ্যোগে এ বিশেষ কার্যক্রমের আয়োজন করা হয়। ক্যাম্পটি পরিচালনায় সহযোগিতা করেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. মোহাইমিনুল ইসলাম।
আয়োজকদের প্রত্যাশা, শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।