বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

পুঠিয়ায় অননুমোদিতভাবে মজুদ ৩৩০ বস্তা সার জব্দ

পুঠিয়া প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পুঠিয়া প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৩ অপরাহ্ন
পুঠিয়ায় অননুমোদিতভাবে মজুদ ৩৩০ বস্তা সার জব্দ

রাজশাহীর পুঠিয়ায় অননুমোদিত ভাবে মজুদ ও সরকারি বরাদ্দবহির্ভূত ৩৩০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। 


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কার্তিকপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।


উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার এবং পুলিশ বাহিনীর সমন্বয়ে পরিচালিত অভিযানে বাজারের তিনটি দোকান তল্লাশি করা হয়। এ সময় অননুমোদিতভাবে মজুদ করা ডিএপি ২৭৬ বস্তা, টিএসপি ৪৮ বস্তা ও ইউরিয়া ৩ বস্তাসহ মোট ৩৩০ বস্তা সার জব্দ করা হয়। জব্দকৃত সার যথাযথ সংরক্ষণ ও নিরাপত্তার জন্য উপ-সহকারী কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। বিধি-বিধান অনুসরণ করে এসব সার স্থানীয় কৃষকদের মাঝে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করা হবে। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।


পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন, সরকারি সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।