বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

নওগাঁয় তিনমাসে বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে ১৬টি মামলা দায়ের

নওগাঁ প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নওগাঁ প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৪ অপরাহ্ন
নওগাঁয় তিনমাসে বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে ১৬টি মামলা দায়ের

নওগাঁ শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম চলমান রয়েছে। গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর (০৯ তারিখ পর্যন্ত) নওগাঁর বিভিন্ন বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ৭টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ১৬টি মামলা দায়ের করা হয়েছে। মামলার পাশাপাশি এক লাখ আট হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে। এই ধরণের অভিযান নিয়মিত চলমান থাকবে এবং আগামীতেও অব্যাহত রাখার কথা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।  

নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার বিকেল থেকে শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এক অভিযান পরিচালনা করা হয়। সেই অভিযান চলে সন্ধ্যা রাত পর্যন্ত। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এিক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোঃ রাশেদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: নাজমুল হোসাইন, সিভিল সার্জনের প্রতিনিধি ও পুলিশ সদস্যরা অভিযানকালে সঙ্গে ছিলেন।


ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এিক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোঃ রাশেদ জানান, এদিন নওগাঁ সদর উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে স্বাস্থ্যসেবা সংক্রান্ত অনিয়ম এবং চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় বিধিবিধান প্রতিপালন নিশ্চিত করার লক্ষ্যে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।


অভিযানকালে নিউ ন্যাশনাল ক্লিনিক এবং স্কয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার-এ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়। এর মধ্যে ছিলো ডিজি (স্বাস্থ্য) কর্তৃক প্রদত্ত লাইসেন্স নবায়ন না করা, দৃশ্যমান স্থানে পরীক্ষার মূল্য তালিকা প্রদর্শন না করা, চিকিৎসা সংক্রান্ত রেজিস্টার যথাযথভাবে হালনাগাদ না রাখা এবং সাধারণ ও বিপজ্জনক চিকিৎসা বর্জ্য নির্ধারিত কালার কোড অনুযায়ী পৃথক বিনে সংরক্ষণ না করা। এই সকল অনিয়মের পরিপ্রেক্ষিতে ২টি প্রাইভেট ক্লিনিকের বিরুদ্ধে ৪টি মামলায় মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়েছে।


এছাড়া জুলাই ও আগস্ট মাসে একই আইন ও বিধিমালার আওতায় সদর উপজেলায় আরও ৬টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ১২টি মামলায় ১০টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৭৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।


বুধবার (০৯ সেপ্টেম্বর) সম্পন্ন করা অভিযানসহ মোট ৭টি মোবাইল কোর্ট অভিযানে ১৬টি মামলায় ১২টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে সর্বমোট এক লাখ আট হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়েছে।


স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রচলিত আইন ও বিধিমালা যথাযথ ভাবে প্রতিপালন, রোগীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশসম্মত ভাবে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।