বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

ঢাকায় পাচারের চেষ্টা ব্যর্থ, অবশেষে আকাশে ডানা মেলালো ১০৩টি টিয়া

বগুড়া প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বগুড়া প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪০ অপরাহ্ন
ঢাকায় পাচারের চেষ্টা ব্যর্থ, অবশেষে আকাশে ডানা মেলালো ১০৩টি টিয়া

বগুড়ায় বাসের সাইড বক্সে প্লাস্টিকের খাঁচায় রাখা ১০৩টি প্যারাকিট টিয়া পাখি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে পাখিগুলো অবমুক্ত করে আকাশের দিকে ডানা মেলানোর সুযোগ করে দেওয়া হয়।


নওগাঁ থেকে ঢাকার পাখিগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ব্যবসায়ীরা। এ সময়ে  পুলিশ  গোপন সংবাদের ভিত্তিতে  বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় আল-বাকারা ট্রাভেলসেরএকটি বাসে তল্লাশি চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়।


বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, কয়েকজন পাখি ব্যবসায়ী বিপুলসংখ্যক প্যারাকিট টিয়া বিদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন। এর ভিত্তিতে শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রবিউল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল বাসটিতে তল্লাশি চালায়।


তল্লাশির একপর্যায়ে বাসের সাইড বক্সের ভেতর ১০টি প্লাস্টিকের খাঁচা পাওয়া যায়। এসব খাঁচায় মোট ১০৩টি প্যারাকিট টিয়া রাখা ছিল। পরে পুলিশ পাখিগুলো উদ্ধার করে।


বৃহস্পতিবার  দুপুর ১২টার দিকে বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে পাখিগুলো অবমুক্ত করা হয়।


এসময় বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী এসব বুনো টিয়া ধরা বা কেনাবেচা করা সম্পূর্ণ নিষিদ্ধ। ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে বাসটি আটক করার আগেই পাখি বহনকারী ব্যক্তি সটে পড়ে।