শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাবিতে মহান বিজয় দিবস উদযাপিত

WP Import ১৭ ডিসেম্বর ২০২৫ ১২:২৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৭ ডিসেম্বর ২০২৫ ১২:২৬ অপরাহ্ন
রাবিতে মহান বিজয় দিবস উদযাপিত
রাবিতে মহান বিজয় দিবস উদযাপিত

মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করেন উপাচার্য।

সংবাদ বিজ্ঞপ্তি :


মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস। মুক্তিযুদ্ধে বিজয়ের স্মরণে এ দিবসটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিভিন্ন আয়োজন-অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করা হয়। এদিন ভোরে সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৭:১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব শহীদ মিনারে ও সকাল ৭:৪৫ মিনিটে বধ্যভূমির স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ, ইনস্টিটিউট পরিচালক ও বিশিষ্ট শিক্ষকবৃন্দ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
সকাল ৮:৪৫ মিনিট থেকে রাবি স্কুল মাঠে মার্চ পাস্ট, খেলাধুলা ও সকাল ৯:৩০ মিনিট থেকে রাবি মডেল স্কুল মাঠে আনন্দ মেলা অনুষ্ঠিত হয়। উপাচার্য এসব আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপ-উপাচার্য (প্রশাসন), উপ-উপাচার্য (শিক্ষা), শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর আকতার বানুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণও এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সকাল ১০টায় জুবেরী ভবন মাঠে বিএনসিসি, রোভার স্কাউট, রেঞ্জারের বিজয় দিবস প্যারেড অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপাচার্য এই প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

বেলা ৩টায় জনসংযোগ দপ্তরের ব্যবস্থাপনায় সিনেট ভবনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান। অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য বীর মুক্তিযোদ্ধাদের ফুলের শুভেচ্ছা জানান ও স্মারক ক্রেস্ট উপহার দেন। সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাবি ফলিত ইলেকট্রনিক এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর এবং রাবির সাবেক উপ-উপাচার্য ড. মামনুনুল কেরামত।

উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান ও কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান। সেখানে ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন ও জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক তাঁর অনুভূতি ব্যক্ত করেন।

দিবসের কর্মসূচিতে আরো ছিল সকাল ১০:১৫ মিনিটে চারুকলা অনুষদ চত্বর থেকে শিক্ষার্থীদের র‌্যালি ও পোস্টার প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়। সকাল ১০:৪৫ মিনিটে সিনেট ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় স্কুল শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব প্রতিযোগিতা উদ্বোধন ও উপাচার্য পত্নী প্রফেসর রায়হানা শামস ইসলাম প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন। এসব অনুষ্ঠানে উপ-উপাচার্যবৃন্দ, জনসংযোগ দপ্তরের প্রশাসকসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন খানি ও মিলাদ মাহফিল এবং সন্ধ্যা ৫:৩০ মিনিটে কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এছাড়া রাবি অফিসার সমিতি এবং সহায়ক কর্মচারী সমিতি, পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতি ও সাধারণ কর্মচারী ইউনিয়ন কর্তৃক নিজ নিজ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজয় দিবস উপলক্ষ্যে ১৫ ও ১৬ ডিসেম্বর ক্যাম্পাস আলোকসজ্জিত করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত কর্মসূচি ছাড়াও সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন বিভাগ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নিজ নিজ কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করে।