স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, থাকবে বিএনপি-সমর্থিত প্রার্থী : এলজিআরডি প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে স্থানীয়ভাবে বিএনপি-সমর্থিত নির্দিষ্ট প্রার্থী থাকবে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্তকরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন-সংক্রান্ত আইন সংশোধন করা হচ্ছে। সংশোধিত আইনে আগের মতো দল থেকে মনোনয়ন দেওয়ার সুযোগ থাকবে না। ধানের শীষের মতো জাতীয় প্রতীক ব্যবহারেরও সুযোগ থাকবে না। নির্বাচন হবে দলনিরপেক্ষভাবে এবং সাধারণ প্রতীকে।
তিনি বলেন, বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী মহলের সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা বিএনপি প্রতিটি ইউনিয়নে একজন করে সমর্থিত প্রার্থী রাখার চেষ্টা করবে। এ জন্য স্থানীয় বিএনপি সংবাদ সম্মেলন বা কর্মিসভার মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিয়নে দলের সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা করতে পারবে।
প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, এটি দলীয় প্রার্থী বা দলীয় মনোনয়ন নয়; বরং দলীয় সমর্থন। দলকে মাঠপর্যায়ে সুসংগঠিত রাখা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রতিটি ইউনিয়নে সর্বোচ্চ একজন প্রার্থী রাখার চেষ্টা করা হবে।
কোনো ইউনিয়নে একাধিক যোগ্য প্রার্থী থাকলে স্থানীয় বিএনপি আলোচনার মাধ্যমে সমঝোতার চেষ্টা করবে বলেও জানান তিনি। একজনকে চেয়ারম্যান পদে নির্বাচনের সুযোগ দিয়ে অন্যজনকে অন্যভাবে দলের কর্মকাণ্ডে যুক্ত রাখার চেষ্টা করা হবে।
নির্বাচনে আওয়ামীলীগের অংশ গ্রহন নিয়ে এমন প্রশ্নে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধঘোষিত সংগঠন। বাংলাদেশ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর রাজনৈতিক কর্মসূচি পালনেরও সুযোগ নেই।
বগুড়ার উন্নয়ন নিয়ে এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, বগুড়ার ইপিজেড, বিমানবন্দর ও বগুড়া-সিরাজগঞ্জ রেলপথসহ বড় উন্নয়ন প্রকল্পগুলোর কাজ শুরুর বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের মেয়াদ মাত্র ছয় মাস হয়েছে। বড় প্রকল্প বাস্তবায়নের আগে নিয়ম অনুযায়ী প্রশাসনিক বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগে। তবে ডিসেম্বরের মধ্যে বগুড়াবাসী এসব প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি দেখতে পাবেন।
পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় শিবগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন। পরে তিনি মোকামতলায় শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিভা অন্বেষণ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে শিবগঞ্জ গ্রামার স্কুল অ্যান্ড কলেজ এবং বেতগাড়ি মীর শাহে আলম বালিকা উচ্চবিদ্যালয়ের জন্য দুটি স্কুল বাস বিতরণ করেন প্রতিমন্ত্রী।