ফুলবাড়ী সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন
দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কলেজের বিভিন্ন কক্ষে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের নবীন শিক্ষার্থীদের নিয়ে পৃথকভাবে এ আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো, শিক্ষক-শিক্ষার্থীদের পরিচয় ও মতবিনিময় এবং দিকনির্দেশনামূলক বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে। নতুন শিক্ষার্থীদের উপস্থিতিতে এদিন কলেজ ক্যাম্পাসে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আহসান হাবীব। তিনি বলেন, ‘কলেজ জীবন ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ সময়। নিয়মিত ক্লাস, শৃঙ্খলা ও অধ্যবসায়ের বিকল্প নেই।’ তিনি শিক্ষার্থীদের নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. সাইফুদ্দীন এমরান। তিনি কলেজের নিয়ম-কানুন মেনে চলার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিতি, শিক্ষকদের পরামর্শ গ্রহণ এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্বও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাদশ শ্রেণির ভর্তি কমিটির আহ্বায়ক মো. শামীম আকতার। তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে কলেজের শিক্ষা পরিবেশের সর্বোচ্চ ব্যবহার করে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনই একজন শিক্ষার্থীর পূর্ণ বিকাশের জন্য যথেষ্ট নয়। একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা ও সামাজিক দায়িত্ববোধের চর্চাও জরুরি।
অনুষ্ঠানে জ্যেষ্ঠ শিক্ষার্থীরা নবীনদের কলেজের শিক্ষা কার্যক্রম, নিয়ম-কানুন ও কলেজজীবনের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এতে নবীন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
পরে শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।