বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

নাটোরে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়ানোর আহ্বান

নাটোর প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০৯ অপরাহ্ন
নাটোরে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়ানোর আহ্বান

প্লাস্টিকের ব্যবহার কমানো, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিহার এবং বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।


বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় নাটোর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ‘ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ টুয়ার্ডস সাসটেইনেবল প্লাস্টিকস ইউজ অ্যান্ড মেরিন লিটার প্রিভেনশন ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।


সভায় প্রধান অতিথি ছিলেন নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছা. সুমনী আক্তার। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নাটোর পৌরসভার প্রশাসক মো. শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, রোভার স্কাউট ও সাংবাদিকরা।


সভায় স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর, নাটোরের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিডো বাংলাদেশের ন্যাশনাল এক্সপার্ট এস এম আরাফাত।


বক্তারা বলেন, প্লাস্টিকের অতিরিক্ত ও অপরিকল্পিত ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। যত্রতত্র প্লাস্টিকের বোতল, পলিথিন ও প্যাকেট ফেলার কারণে ড্রেন, নালা ও জলাশয় বন্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। পাশাপাশি মাটি ও পানিদূষণ, জীববৈচিত্র্যের ক্ষতি এবং জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে।


তারা প্লাস্টিকের ব্যবহার কমানো, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিহার, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা এবং প্লাস্টিক আলাদাভাবে সংগ্রহ ও পুনর্ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা ও স্থানীয় প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভা শেষে অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু পার্ক সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।