নগরীতে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার, ১১ স্মার্টফোন ও লাখ টাকা জব্দ
রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার এক এজেন্টকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত কম্পিউটার, রাউটার, ১১টি স্মার্টফোন, নগদ এক লাখ টাকা ও অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকার একুশে ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে মো. মাসুদ রানা (৩৭) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি কুষ্টিয়ার কুমারখালী থানার কাঞ্চনপুর গ্রামের মো. আলফাজ মুন্সীর ছেলে এবং বর্তমানে পদ্মা আবাসিক এলাকায় ভাড়া থাকেন।
পুলিশ জানায়, অভিযানে মাসুদ রানার হেফাজত থেকে একটি কম্পিউটার মনিটর, বিশেষভাবে প্রস্তুত করা একটি সিপিইউ, রাউটার, ইউপিএস, বিভিন্ন ব্র্যান্ডের ১১টি স্মার্টফোন ও নগদ এক লাখ টাকা জব্দ করা হয়।
জব্দ করা মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইস প্রাথমিকভাবে পর্যালোচনা করে অনলাইন জুয়া-সংক্রান্ত বিভিন্ন অ্যাপ ও লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। দুটি আইফোনে চড়ষুসধৎশবঃ নামের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের তথ্য এবং সংশ্লিষ্ট ইউজার আইডির মাধ্যমে ডলার লেনদেনের তথ্য পাওয়া যায়।
এ ছাড়া কয়েকটি ডিভাইসে অনলাইন জুয়া-সংক্রান্ত অ্যাপ, ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অ্যাপ, ভিপিএন ও টেলিগ্রাম ব্যবহারের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। একটি ডিভাইসের টেলিগ্রাম টেক্সট হিস্টোরিতে ৫০০টির বেশি জিমেইল আইডি ও পাসওয়ার্ড-সংক্রান্ত তথ্য পাওয়ার কথাও জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ রানা দীর্ঘদিন ধরে সাইবার স্পেসে বিভিন্ন অনলাইন জুয়া ওয়েবসাইট ব্যবহার করে জুয়া পরিচালনার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে ডিবি।
এ ঘটনায় তার বিরুদ্ধে চন্দ্রিমা থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।