বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

দুই মাসে রাজশাহীতে নারী-শিশু নির্যাতনের ২০ ঘটনা, উদ্বেগ লফসের

সংবাদ বিজ্ঞপ্তি ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৩৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৩৬ অপরাহ্ন
দুই মাসে রাজশাহীতে নারী-শিশু নির্যাতনের ২০ ঘটনা, উদ্বেগ লফসের

রাজশাহীতে গত আগস্ট ও সেপ্টেম্বর—দুই মাসে নারী ও শিশু নির্যাতন, হত্যা, আত্মহত্যা, নিখোঁজ ও যৌন হয়রানির অন্তত ২০টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নারী ও শিশুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস)।


লফসের ডকুমেন্টেশন সেল রাজশাহীর বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতনের তথ্য সংগ্রহ করে। সংস্থাটির মতে, প্রকাশিত ঘটনার বাইরেও অনেক ঘটনা থেকে যায় অজানা। ফলে বাস্তবে নির্যাতনের সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।


আগস্ট ও সেপ্টেম্বর মাসে রাজশাহীর বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া ঘটনাগুলোর মধ্যে রয়েছে—বাঘার মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে, এসএসসি পরীক্ষায় প্রত্যাশিত ফল না পেয়ে কারিনা পাল নামে এক ছাত্রীর আত্মহত্যা এবং কাটাখালী থানার কাকাইলকাটি গ্রামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ।


এ ছাড়া নগরীর গোরহাঙ্গা এলাকায় মাহিম নামে এক শিশু প্রায় এক মাস ধরে নিখোঁজ রয়েছে। পবার কর্ণহার থানার আফি-নেপালপাড়া মোড় থেকে আতিক বিশ্বাস রাব্বি (১৩) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হওয়ার ঘটনাও ঘটেছে।


পুঠিয়ায় পারিবারিকভাবে শাসন করায় অভিমান করে শাওন (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে অপহরণের অভিযোগ ওঠে। মতিহারের বিনোদপুর এলাকায় শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা এবং মোহনে পারিবারিক বিরোধের জেরে ফাহিমা (৪২) নামে এক নারীর হাতের কব্জি কেটে নেওয়ার অভিযোগও রয়েছে।


বাঘার ফতেপুর উত্তরপাড়া গ্রামে আর্থিক সংকটে মরিয়ম (৩২) নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। তানোরের মালশিরা গ্রামে সম্পত্তির বিরোধে হিরা বিবি নামে এক গৃহবধূ নির্যাতনের শিকার হন। মতিহারের পশ্চিম বুধপাড়া এলাকায় স্বর্ণা খাতুন, তানোরের দমদমা গ্রামে হাসিনা বিবি (৩৫) এবং বাঘার চন্ডিপুর পশ্চিমপাড়া গ্রামে রিতা খাতুন (৩০) আত্মহত্যা করেন।


এ ছাড়া মোহনপুরের মৌগাছি ইউনিয়নে জান্নাতুন (৫৫) নামে এক নারীকে তাঁর ছেলে হত্যার অভিযোগ, পবায় শাশুড়িকে জামাইয়ের ধর্ষণের অভিযোগ এবং মোহনপুরের আতানারায়ণপুরে নুর জাহান (৬৫) নামে এক বৃদ্ধা নির্যাতনের শিকার হওয়ার ঘটনা ঘটেছে।


বাগমারার যোগীপাড়া ইউনিয়নের কাতিলা গ্রামে লামিয়া (১৯) ও আশা বিবি (৩০) নামে দুই নারী নিখোঁজ হয়েছেন। বাঘার খোর্দ্দ বাউসা পূর্বপাড়া গ্রামে জুসি খাতুন নামে এক গৃহবধূকে তাঁর স্বামী কুপিয়ে হত্যার অভিযোগ রয়েছে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগও উঠেছে এক কর্মচারীর বিরুদ্ধে।


লফসের নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন, সংবাদপত্রে প্রকাশিত ঘটনার বাইরেও নারী ও শিশু নির্যাতনের অনেক ঘটনা ঘটে, যেগুলো প্রকাশ্যে আসে না বা সেগুলোর তথ্য পাওয়া যায় না। প্রকাশিত তথ্যই রাজশাহী অঞ্চলে নারী ও শিশু নির্যাতনের একটি হতাশাজনক চিত্র তুলে ধরছে।


তিনি বলেন, নারী ও শিশু নির্যাতনসহ এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না গেলে তারা আরও উৎসাহিত হবে এবং অপরাধের মাত্রা বাড়তে পারে।


লফসের পক্ষ থেকে আগস্ট ও সেপ্টেম্বর মাসে ঘটে যাওয়া নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।