শনিবার, অক্টোবর ০৩, ২০২৬

রাজশাহীর আঞ্চলিক চ্যাম্পিয়ন রক্সি, চূড়ান্ত পর্বে বগুড়ার দল

নিজস্ব প্রতিবেদক ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪৫ অপরাহ্ন
রাজশাহীর আঞ্চলিক চ্যাম্পিয়ন রক্সি, চূড়ান্ত পর্বে বগুড়ার দল

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে উল্লাসে মেতে ওঠেন বগুড়ার রক্সি ফুটবল একাডেমির মেয়েরা। নাচ-গানে তাঁদের উদ্যাপন চলে মাঠজুড়ে। আনন্দের কারণ, প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টের রাজশাহী অঞ্চলের চ্যাম্পিয়ন হয়েছে তারা। এর মধ্য দিয়ে টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে বগুড়ার দলটি। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আঞ্চলিক ফাইনালে রক্সি ফুটবল একাডেমি ২-১ গোলে হারিয়েছে চাঁপাইনবাবগঞ্জের শহীদ বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার ক্রীড়া একাডেমিকে। শুরু থেকেই দুই দলের আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠে ম্যাচ।


নবম মিনিটে পাপিয়া আক্তারের গোলে এগিয়ে যায় রক্সি। তবে তিন মিনিট পরই নুরীনার গোলে সমতায় ফেরে শহীদ বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার ক্রীড়া একাডেমি। ৩৫ মিনিটে আলেফা আক্তার রক্সির হয়ে দ্বিতীয় গোলটি করেন। এরপর আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বগুড়ার দলটি। এর আগে সকালে প্রথম আঞ্চলিক সেমিফাইনালে জয়পুরহাটের সানরাইজ ফুটবল একাডেমিকে ৪-০ গোলে হারায় রক্সি ফুটবল একাডেমি। ওই ম্যাচে দারুণ খেলায় ম্যাচসেরা হন রক্সির আলেফা আক্তার।



দুপুরে দ্বিতীয় সেমিফাইনালে রাজশাহীর ফিরোজ কবির ফুটবল একাডেমিকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে চাঁপাইনবাবগঞ্জের শহীদ বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার ক্রীড়া একাডেমি। দলের হয়ে দুটি গোল করে ম্যাচসেরা হন আঁখি আক্তার।


ফাইনালে গোল করে ম্যাচসেরার পুরস্কার জেতেন রক্সির পাপিয়া আক্তার। ট্রফি ও আর্থিক পুরস্কার হাতে নিয়ে তিনি বলেন, ‘ম্যাচসেরা হব ভাবিনি। এই পুরস্কার আমার জন্য অপ্রত্যাশিত। তবে পুরস্কারটি পেয়ে ভীষণ ভালো লাগছে।’ পাপিয়ার হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন জাতীয় নারী ফুটবল দলের ডিফেন্ডার শিউলি আজিম, নাবিল গ্রুপের হেড অব মার্কেটিং আক্তারুজ্জামান ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মো. মোজাম্মেল হক। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তরুণ ফুটবলারদের উদ্দেশে শিউলি আজিম বলেন, ‘আমি চাই তোমরা একদিন জাতীয় দলে খেলবে। দেশের প্রতিনিধিত্ব করবে। তেমন প্রতিভা তোমাদের মধ্যে আছে। দুদলের খেলাই খুব ভালো হয়েছে।’ টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা অক্টোবরের শেষ সপ্তাহে সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ঠাকুরগাঁওয়ের রাঙ্গাটুঙ্গী ফুটবল একাডেমিও চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে।