চুরি ও গাঁজা সেবনের দায়ে নগরীতে দুইজনের কারাদণ্ড
রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট ও রাজপাড়া থানা এলাকায় পৃথক অভিযানে নগদ অর্থ চুরি ও গাঁজা সেবনের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতে হাজির করা হলে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) শেষে কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) এয়ারপোর্ট থানার ডালাপুকুর গ্রামের মো. তাহাসেন হাজির ছেলে মো. হৃদয় হোসেনকে (২৪) বাড়িতে রাখা নগদ অর্থ চুরির অভিযোগে আটক করা হয়। পরিবারের সদস্যরা চুরি করা অর্থসহ তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে এয়ারপোর্ট থানা পুলিশ তাকে হেফাজতে নেয়।
আদালতে হাজির করা হলে সংক্ষিপ্ত বিচার শেষে হৃদয় হোসেনকে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে, একই দিন দুপুর পৌনে ১টার দিকে রাজপাড়া থানা পুলিশ বসুয়া গ্রামের মৃত আশেদ আলীর ছেলে মো. বাচ্চুকে (৫০) তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ২ গ্রাম গাঁজা, গাঁজা সেবনের দুটি মাটির কলকি, একটি কাঁচি, ৫ ইঞ্চি লোহার একটি টুকরা ও এক টুকরা কাপড় জব্দ করা হয়।
পরে তাকে আদালতে হাজির করা হলে সংক্ষিপ্ত বিচার শেষে বাচ্চুকে তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে তাকে কারাভোগের নির্দেশ দেন আদালত।
রাজশাহী মহানগর পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।