বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

ছিনতাইকালে নারায়ণগঞ্জের অজ্ঞান পার্টির তিন সদস্য নওগাঁয় জনতার হাতে আটক

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি ০১ অক্টোবর ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি ০১ অক্টোবর ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ন
ছিনতাইকালে নারায়ণগঞ্জের অজ্ঞান পার্টির  তিন সদস্য নওগাঁয় জনতার হাতে আটক

নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের অজ্ঞান পার্টির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক নারীর কানের স্বর্ণের দুল ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় জনগণের সহযোগিতায় পুলিশ তাদের গ্রেপ্তার করে। বুধবার (৩০সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। 


বুধবার দুপুরের দিকে শহরের রুবীর মোড় নামক এলাকায় ছিনতাই করার সময় স্থানীয় জনগণ তাদের আটক করে। গ্রেপ্তারকৃতরা হলো, নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার চনপাড়া এলাকার ইউসুফ সর্দারের ছেলে মো. জামাল (৩৫), আব্দুর রবের ছেলে মো. ফরিদ (৩৩) ও মাইনুদ্দিনের ছেলে মো. রবি (২৪)।


পুলিশ সুপার জানান, বুধবার শাহানাজ আক্তার শিরিন নামের এক নারী শহরের রজাকপুর এলাকা থেকে চার্জার রিক্সাযোগে স্টাফ কোয়ার্টারের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে রুবীর মোড় এলাকায় পৌঁছালে গ্রেপ্তারকৃত তিন ছিনতাইকারী ভুক্তভোগী ওই নারীকে চতুর্দিক থেকে ঘিরে ধরে চাকু দিয়ে খুন জখমের হুমকি প্রদান করে। এরপর ছিনতাইকারীরা ওই নারীর কানে থাকা ৫আনা ওজনের স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ভুক্তভোগী নারীর চিৎকারে আশপাশের জনগণ এগিয়ে এসে তিন ছিনতাইকারীকে আটক করে এবং একই সাথে ৯৯৯ থেকে সংবাদ পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে জনগণের সহায়তায় নওগাঁ সদর থানা পুলিশ চাকুসহ ছিনতাইকারীদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করে। স্থানীয় জনগণকে এই তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সর্বাত্মক সহযোগিতা করায় বিশেষ ধন্যবাদ জানিয়েছেন পুলিশ সুপার।