পুঠিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ
পাইলট প্রকল্পের আওতায় কৃষক কার্ড বিতরণ ও কৃষি উপকরণ সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী জেলার ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন। একই সঙ্গে দেশের বিভিন্ন উপজেলা ও কৃষি ব্লকের সঙ্গে সরাসরি সংযুক্ত হয়ে এ কার্যক্রম পরিচালিত হয়।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার পুঠিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। এ সময় পুঠিয়া উপজেলার তারাপুর কৃষি ব্লকের ১ হাজার ১২৪ জন কৃষক কৃষক কার্ডের আওতায় আসছেন।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছর পাইলট পর্যায়ে ৪৩ লাখ কৃষকের ডাটাবেজ তৈরির কাজ চলছে। প্রথম ধাপে ১ লাখ ১০ হাজার ১৬৫ জন কৃষক কৃষক কার্ডের আওতায় আসছেন। এর মধ্যে ১ অক্টোবর ১ লাখ ৪৭ জন কৃষককে কৃষি উপকরণ কেনার জন্য ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেওয়ার কথা রয়েছে।
পুঠিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থাপনা করেন পুঠিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ইসরাফিল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোঃ আজিজুর রহমান, রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী জেলার উপপরিচালক মোস্তফা কামাল হোসেন, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান, সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত এবং পুঠিয়া উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার।
এ ছাড়া অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনসুর রহমান মাস্টার, সাংবাদিকসহ কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। কৃষক কার্ড কর্মসূচির মাধ্যমে সরকারি কৃষি সহায়তা আরও সহজ ও সরাসরি কৃষকের কাছে পৌঁছাবে বলে সংশ্লিষ্টরা জানান।