রাকাবের চেয়ারম্যান হলেন অধ্যাপক মো. রফিকুল ইসলাম
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) চেয়ারম্যান পদে যোগদান করেছেন অধ্যাপক (অবসরপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ৩০ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১ অক্টোবর) তিনি এ পদে যোগদান করেন।
অধ্যাপক মো. রফিকুল ইসলাম দেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, শিক্ষক ও লেখক। অর্থনীতি বিষয়ে দীর্ঘদিনের শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।
তিনি ১৯৭৭ সালের ১০ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে অধ্যাপক পদে উন্নীত হন। ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া তিনি অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজের কাউন্সিল সদস্য, অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের চেয়ারম্যান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৯৫০ সালে বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা গ্রামে জন্মগ্রহণ করেন অধ্যাপক রফিকুল ইসলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে ১৯৭০ সালে স্নাতক (সম্মান), ১৯৭১ সালে স্নাতকোত্তর এবং ১৯৭৭ সালে এমফিল ডিগ্রি অর্জন করেন।
পারিবারিক জীবনে তিনি দুই পুত্র ও এক কন্যাসন্তানের জনক।