শিবগঞ্জে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা, পৌরসভার গাড়ি ভাঙচুরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের কাজে বাধা, হামলা ও বর্জ্য পরিবহনকারী গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পৌরসভার পক্ষ থেকে থানায় এজাহার করা হয়েছে। পরে পুলিশ রাজু আহমেদ (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর ঈদগাহ সড়কে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার রাজু আহমেদ চকদৌলতপুর উপটোলা গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
পুলিশ জানায়, পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা অপসারণের জন্য গাড়ি নিয়ে ঈদগাহ সড়কে গেলে রাজু আহমেদ কাজে বাধা দেন। এ সময় পৌরসভার কর্মীদের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সরকারি কাজে বাধা, পরিচ্ছন্নতাকর্মী ও গাড়িচালককে মারধর, পৌরসভার বর্জ্য পরিবহনকারী গাড়ি ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান বলেন, পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের কাজে বাধা ও হামলার অভিযোগে পৌরসভার পক্ষ থেকে থানায় এজাহার দেওয়া হয়। পরে অভিযান চালিয়ে রাজু আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।
শিবগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাজহারুল ইসলাম বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার সময় সরকারি কাজে বাধা, গাড়িচালক ও পরিচ্ছন্নতাকর্মীদের মারধর এবং ককটেল বিস্ফোরণের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় এজাহার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।