রাজশাহীতে অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকা থেকে অপহরণ মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. শাকিল আহমেদ (৩৭)কে গ্রেপ্তার করেছে এসআরবি-৫-এর সিপিএসসি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে শাহমখদুম থানার বনলতা আবাসিক এলাকার প্লট নম্বর-৪৫, রোড নম্বর-৫-এর একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় শাকিল আহমেদ অবস্থান করছেন বলে জানতে পারে সিপিএসসির একটি আভিযানিক দল। পরে সেখানে অভিযান চালিয়ে সাক্ষীদের উপস্থিতিতে তাকে গ্রেপ্তার করা হয়। শাকিল গোদাগাড়ী উপজেলার নারায়ণপুর এলাকার মো. ফজলুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, শাকিল রাজপাড়া থানায় দায়ের করা অপহরণ মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি। এ ঘটনায় রাজপাড়া থানায় গত ৮ সেপ্টেম্বর মামলা করা হয়। মামলায় দণ্ডবিধির ৩৬৫/৩২৩/৩৮৪/৩৮৫/৩৮৬/৩৮০/৫০৬/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তারের পর শাকিলকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে সংশ্লিষ্ট রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৫ জানিয়েছে, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারীসহ আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।