বরেন্দ্রের জলবায়ু সংকট কপ-৩১ এজেন্ডায় অন্তর্ভুক্তির দাবি
বরেন্দ্র অঞ্চলের খরা, পানিসংকট, তাপপ্রবাহ, কৃষি ও জীবিকার ঝুঁকিকে জাতীয় ও বৈশ্বিক জলবায়ু আলোচনায় অগ্রাধিকার দেওয়ার দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে ‘খরা থেকে ন্যায়বিচারের পথে—বরেন্দ্র থেকে বৈশ্বিক জলবায়ু সম্মেলন’ স্লোগানে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট অনুষ্ঠিত হয়। বরেন্দ্র ইয়ুথ ফোরাম, গ্রিন কোয়ালিশন ও বারসিক যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে কৃষক, নারী, যুব, শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, শ্রমজীবী ও পরিবেশকর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, খরা, ভূগর্ভস্থ পানির ওপর চাপ, তাপপ্রবাহ, কৃষি ও জীবিকার সংকট পরস্পর সম্পর্কিত। এসব মোকাবিলায় দীর্ঘমেয়াদি সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি মো. আতিকুর রহমান বলেন, বরেন্দ্রের বাস্তবতাকে কপ-৩১-এর জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং লস অ্যান্ড ড্যামেজ আলোচনায় কার্যকরভাবে অন্তর্ভুক্ত করতে হবে।
কর্মসূচি থেকে বরেন্দ্রকে জলবায়ু সংকটের সম্মুখসারি হিসেবে স্বীকৃতি, পানি নিরাপত্তাকে অগ্রাধিকার, জলবায়ু সহনশীল কৃষি, ন্যায়সংগত অর্থায়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিতসহ ১২ দফা দাবি তুলে ধরা হয়।