বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

গোমস্তাপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেয়া হোল।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০২ অক্টোবর ২০২৬ ০১:২৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০২ অক্টোবর ২০২৬ ০১:২৫ অপরাহ্ন
গোমস্তাপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেয়া হোল।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দিয়েছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘তুমিই বাংলাদেশ’। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৭টায় রহনপুর খান আজহারুল উলুম ইসলামীয়া মাদ্রাসা চত্বরে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।


ক্যাম্পে মাদ্রাসাটির সব শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকেরা। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন শারীরিক সমস্যা সম্পর্কে পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে দেওয়া হয়।


আয়োজকেরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং অসচ্ছল মানুষের চিকিৎসাসেবায় পাশে দাঁড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না—এমন মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


চিকিৎসা ক্যাম্পের পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান।


এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের মেডিসিন ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. মো. গোলাম সারোয়ার, ঢাকা পিজি হাসপাতালের নাক-কান-গলা বিভাগের চিকিৎসক ডা. সেলিম রেজা, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী সার্জন এ.এফ.এম. মাহমুদুর রহমান এবং নাচোল উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশনের প্রধান সহকারী প্রোগ্রামার প্রকৌশলী তৌহিদ সারোয়ারসহ অন্যরা।