কাশিয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুইজনের ৫ দিনের কারাদণ্ড
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অপরাধে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী টিম ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের সহযোগিতায় শুক্রবার (২ অক্টোবর) এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কাশিয়াডাঙ্গা থানার চরগাছা গ্রামের আব্দুস সোবহানের ছেলে ফয়সাল (৩৯) এবং গোলজারবাগ গুড়িপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে সাদিকুল ইসলাম (২৯)কে মাদকদ্রব্য সেবনের অপরাধে আটক করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেন।
আরএমপি জানিয়েছে, মাদকসংক্রান্ত অপরাধ দমনে মহানগরজুড়ে নিয়মিত অভিযান ও আইনানুগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।