বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

ককটেল বিস্ফোরণের পর মহারাজপুরে ১১ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০২ অক্টোবর ২০২৬ ০৬:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০২ অক্টোবর ২০২৬ ০৬:৩৩ অপরাহ্ন
ককটেল বিস্ফোরণের পর মহারাজপুরে ১১ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কবিরাজপাড়ায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের পর অভিযান চালিয়ে আরও ১১টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) সকালে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়। তবে দুপুর ১২টা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।


চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহারাজপুর ইউনিয়নের কবিরাজপাড়া ও শেখপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে বিরোধ ও উত্তেজনা চলছিল। এর মধ্যেই শুক্রবার সকালে কবিরাজপাড়া এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় আরও ১১টি ককটেল উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আব্দুল ওদুদ ও জালাল উদ্দীনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। সম্প্রতি এ বিরোধ আরও তীব্র হয়েছে। সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি হিসেবে এসব ককটেল মজুত করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তারা। তবে এ দাবির বিষয়ে পুলিশ এখনো কাউকে দায়ী করেনি।


ওসি একরামুল হোসাইন বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে ১১টি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুপুর ১২টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে।