বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

ঈশ্বরদীতে মশা তাড়ানো কয়েলের আগুনে পুড়ল কৃষকের বাড়িসহ সর্বস্ব

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০২ অক্টোবর ২০২৬ ০৬:৩৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০২ অক্টোবর ২০২৬ ০৬:৩৬ অপরাহ্ন
ঈশ্বরদীতে মশা তাড়ানো কয়েলের আগুনে পুড়ল কৃষকের বাড়িসহ সর্বস্ব

পাবনার ঈশ্বরদীতে গোয়াল ঘরে মশা তাড়ানোর কয়েলের আগুনে পুড়ে মো. শামীম হোসেন নামের এক কৃষকের তিনটি ঘর ও ঘরের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরে থাকা নগদ প্রায় এক লাখ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র ও কৃষিকাজের প্রয়োজনীয় মালামাল পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের খারজানী গ্রামে এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, রাতে শামীম হোসেনের গোয়ালঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের আরও দুটি ঘরে ছড়িয়ে পড়ে এবং তিনটি ঘরই সম্পূর্ণ ভস্মীভূত হয়। তবে গোয়ালঘরে থাকা গরুগুলো দড়ি ছিঁড়ে বাইরে বেরিয়ে আসতে পারায় গবাদিপশুগুলো প্রাণহানি থেকে রক্ষা পেয়েছে।


ক্ষতিগ্রস্ত কৃষক শামীম হোসেন জানান, শীতকালীন সবজি চাষ ও কৃষিকাজের খরচ মেটানোর জন্য তিনি জমানো প্রায় এক লাখ টাকা ঘরে রেখেছিলেন। আগুনে সেই টাকা ছাড়াও সমস্ত স্বর্ণালংকার, আসবাবপত্র, পোশাক এবং জরুরি মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সব মিলিয়ে তাঁর প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।


খবর পেয়ে রাত দেড়টার দিকে রূপপুর মডার্ন ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও বাড়িতে যাওয়ার রাস্তা সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে প্রবেশ করতে পারেনি।


ফায়ার সার্ভিসের কর্মীরা হেঁটে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। রূপপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. কাজল মিয়া জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগের কারনে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হলেও ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি গোয়ালঘরে জ্বালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত হয় ।