বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

ঈশ্বরদী বাইপাসে যাত্রী ভোগান্তি লাঘবে কাঠের সিঁড়ি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০২ অক্টোবর ২০২৬ ০৬:৪৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০২ অক্টোবর ২০২৬ ০৬:৪৯ অপরাহ্ন
ঈশ্বরদী বাইপাসে যাত্রী ভোগান্তি লাঘবে কাঠের সিঁড়ি

ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনের প্লাটফরমের উচ্চতা ট্রেনের সিঁড়ি থেকে অনেকখানি নিচু হওয়ায় ট্রেন থেকে ওঠা নামা করার সময় অসুস্থ্য ও বয়োবৃদ্ধ যাত্রীরা প্রায়ই পড়ে গিয়ে আহত হন। এ পর্যন্ত ট্রেনে কাটা পড়ে বেশ কয়েকজন যাত্রীদের নিহত হওয়ার ঘটনাও ঘটেছে এই স্টেশনে। ট্রেনে ওঠা নামা করতে গিয়ে ঈশ্বরদী বাইপাস স্টেশনে হাত-পা কাটা পড়ে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে অসংখ্য ট্রেনযাত্রীদের।


এই অবস্থা থেকে উত্তোরনের উপায় হিসেবে আলাদাভাবে কাঠের সিঁড়ি সংযোজন করার উদ্যোগ গ্রহণ করেছে সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিটের সদস্যরা। ট্রেনে উঠানামা করতে গিয়ে যেন আর কোন অসুস্থ্য বা বয়োবৃদ্ধ ট্রেনযাত্রীদের ঈশ্বরদী বাইপাস স্টেশনে আহত নিহত কিংবা পঙ্গুত্ববরণ করতে না হয় সে চিন্তা থেকে ঈশ্বরদীর সুহৃদরা নিজেদের অর্থে প্লাটফরম থেকে ট্রেনে ওঠানামা করার সুবিধার্থে কাঠের সিঁড়ি তৈরী করে বাইপাস স্টেশনে সংযোজন করেছে।



শুক্রবার (২ অক্টোবর) রেলওয়ের স্থানীয় কর্মকর্তাদের নিকট এই সিঁড়ি হস্তান্তর করা হয়। সুহৃদদের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে সিঁড়ি গ্রহণ করেন ঈশ্বরদী বাইপাস স্টেশনের স্টেশন মাষ্টার তারেকুল ইসলাম, রাজশাহী রেলওয়ে স্টেশনের সিনিয়র টিটিই আব্দুল আলীম বিশ্বাস মিঠু ও বাইপাস স্টেশনে কর্মরত শুভ আলী সরদার। 


এ উপলক্ষ্যে স্টেশন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দের সমকালের মার্কেটিং বিভাগের জ্যেষ্ঠ নির্বাহী আরিফুল ইসলাম। সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিটের সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক আমান, প্রবীণ শিক্ষক তাহেরুল ইসলাম, সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার, সংগঠক আফছার আলী, ম্যাজিশিয়ান রেজাউল ইসলাম মহিদুল, কলেজ শিক্ষক মনিরুল ইসলাম বাবু, বিটিভির কন্ঠশিল্পী মানিক মন্ডল, প্রবাসী সুহৃদ আরিফ হোসেন, অ্যাডভোকেট আলী আজম, সুহৃদ ফিরোজ আহমেদ, হাসান চৌধুরী, রাকিবুল ইসলাম রূপম, লিমন মন্ডল, খায়রুল ইসলাম সবুজ প্রমুখ। প্রসঙ্গত: ইতোপূর্বে ঈশ্বরদী বাইপাস স্টেশনে অসুস্থ্য ট্রেনযাত্রীদের জন্য সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিটের পক্ষ থেকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়।