বদলগাছীতে শেয়ালের কামড়ে জলাতঙ্কে যুবদল নেতার মৃত্যু
নওগাঁর বদলগাছীতে শেয়ালের কামড়ে জলাতঙ্কে আক্রান্ত হয়ে পলাশ হোসেন (৩৮) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) চিকিৎসাধীন অবস্থায় ঢাকার মহাখালীর একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পলাশ উপজেলার বৈকুন্ঠপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং আধাইপুর ইউনিয়নের একটি ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয়রা জানান, প্রায় ১৭ দিন আগে নিজ বাড়িতে বাঁশ কাটার সময় বাঁশঝাড় থেকে একটি শেয়াল বের হয়ে পলাশের নাক ও মুখে কামড় দেয়। পরে তিনি নওগাঁ সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন এবং জলাতঙ্কের টিকা নেন। এতে তিনি সুস্থ বোধ করছিলেন।
তবে ঘটনার প্রায় ১২ দিন পর তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। পরে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষায় তাঁর শরীরে জলাতঙ্ক শনাক্ত হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার মহাখালীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পলাশের মরদেহ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ছয় বছরের এক কন্যাসন্তান রেখে গেছেন।