বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

বদলগাছীতে শিয়ালের ধাওয়া খেয়ে পড়ে যুবক নিহত

বদলগাছী প্রতিনিধি ০২ অক্টোবর ২০২৬ ০৬:৫৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বদলগাছী প্রতিনিধি ০২ অক্টোবর ২০২৬ ০৬:৫৮ অপরাহ্ন
বদলগাছীতে শিয়ালের ধাওয়া খেয়ে পড়ে যুবক নিহত

নওগাঁর বদলগাছীতে শিয়ালের ধাওয়া খেয়ে পড়ে জুয়েল হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে উপজেলার আরচা গ্রামের একটি কাঁচা রাস্তা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।


নিহত জুয়েল হোসেন আরচা গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হন জুয়েল। রাত ৯টার দিকে আরচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কাঁচা রাস্তার ওপর তাঁকে পড়ে থাকতে দেখেন স্থানীয় সাদেক হোসেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।


স্থানীয়দের দাবি, জুয়েলের পায়ের কয়েকটি আঙুল শিয়ালে খেয়ে ফেলেছে। এ কারণে ধারণা করা হচ্ছে, রাতে শিয়ালের ধাওয়া খেয়ে ভয় পেয়ে দৌড়ানোর সময় রাস্তার পাশে থাকা বাঁশের সঙ্গে ধাক্কা লেগে তিনি ছিটকে পড়ে জ্ঞান হারান। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।


খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।


বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, শিয়ালের ধাওয়া খেয়ে ভয় পেয়ে পড়ে গিয়ে জুয়েলের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় কয়েকজন তাঁর পায়ের আঙুল শিয়ালে খেতে দেখেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।