বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

শাপলার শিক্ষা বৃত্তি পেলেন ৪৭ শিক্ষার্থী

সংবাদ বিজ্ঞপ্তি ০৩ অক্টোবর ২০২৬ ০৭:২১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৩ অক্টোবর ২০২৬ ০৭:২১ অপরাহ্ন
শাপলার শিক্ষা বৃত্তি পেলেন ৪৭ শিক্ষার্থী

রাজশাহীতে বেসরকারি উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এমআরএ-এমএফআই উচ্চ শিক্ষা বৃত্তি ও সাধারণ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।


শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় নগরীর সপুরায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার কার্যালয়ের শাপলা কালচারাল স্কুলের কনফারেন্স হলে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার মোট ৪৭ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে বৃত্তি দেওয়া হয়। এর মধ্যে উচ্চ শিক্ষা বৃত্তি পেয়েছেন ৯ জন এবং সাধারণ শিক্ষা বৃত্তি পেয়েছেন ৩৮ জন।


সংস্থার উচ্চ শিক্ষা বৃত্তির আওতায় জুলাই-সেপ্টেম্বর ২০২৬ মেয়াদে ৯ শিক্ষার্থীকে মাসে ৩ হাজার টাকা করে এবং সাধারণ শিক্ষা বৃত্তির আওতায় ৩৮ শিক্ষার্থীকে মাসে ১ হাজার ৫০০ টাকা করে দেওয়া হয়। তিন মাসের জন্য সর্বমোট ২ লাখ ৫২ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়েছে।


উচ্চ শিক্ষা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), মেডিকেল কলেজ এবং রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা রয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধুমতি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসা কর্মকর্তা আরব ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকটির হেড অব এসএমই ডিভিশন জাহিদ আল মুনতাসির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী। সঞ্চালনা করেন সংস্থার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।


বৃত্তির অর্থ মানসম্মত শিক্ষা ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণে ব্যবহারের জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন অতিথিরা। একই সঙ্গে মাদক ও মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে থেকে মানবিক মূল্যবোধসম্পন্ন ও সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তারা।


অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক, উপকারভোগী সদস্য, সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও অতিথিরা উপস্থিত ছিলেন।