৩ দিন ব্যাপী ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদে সুবর্ণ জয়ন্তী উদযাপন
উৎসব মুখর পরিবেশে কবিতা উৎসব, প্রায় ৬শ’ শিশু শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ, পুরষ্কার ও সম্মাননা প্রদান, শোভাযাত্রা, আলোচনা সভা, বৃক্ষরোপন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৫০ বছর পূর্তি ও সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে। পাবনার ঈশ্বরদীর ঐতিহ্যবাহী সাহিত্য-সংস্কৃতির বাতিঘর খ্যাত এ প্রতিষ্ঠানের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ৩দিন ব্যাপি অনুষ্ঠানের সমাপনি হয় গতকাল শনিবার।
সুবর্ণজয়ন্তীর প্রথম দিনে পতাকা উত্তোলন, পরিষদের প্রতিষ্ঠাতা প্রয়াত সাহিত্যিক মজিবর রহমান ভবঘুরের সমাধীতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দ্বিতীয় দিনে প্রায় ৬শ’ শিশু শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিশাল আয়োজন, বৃক্ষরোপন কর্মসূচী এবং সমাপনি দিনে গতকাল শনিবার শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, গুণিজন সম্মাননা, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব আয়োজনে বিভিন্ন পর্বে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান খান কামাল ও জ্যেষ্ঠ সহসভাপতি জাহিদুল আলম সনু। চিত্রাঙ্কণ প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল (যুগ্ম জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক সিরাজুল ইসলাম মামুন ও ঈশ্বরদী উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার।
পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি জাহিদুল আলম সনুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহসভাপতি মোস্তাক আহমেদ কিরণ, প্রকৌশলী ওহিদুর রহমান ঝন্টু, সুবর্ণ জয়ন্তী উৎযাপন কমিটির আহবায়ক আশিকুর রহমান লুলু, যুগ্ম আহবায়ক সেলিম সরদার, সদস্য সচিব ওহেদুজ্জামান টিপু প্রমুখ। কবি মজিদ মাহমুদ রচিত কবিতা উৎসবে জাহিদুল আলম সনুর সভাপতিত্বে বক্তব্য দেন পাবিপ্রবি’র ডিন অধ্যাপক ড. হুমায়ুন কবির বিপ্লব, ঈশ্বরদী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম, সরকারি এসএম মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল হক শাহিন, পরিষদের সহসভাপতি মোস্তাক আহমেদ কিরণ, ওহিদুর রহমান ঝন্টু, সাধারণ সম্পাদক এস. আলমগীর, আশিকুর রহমান লুলু, সেলিম সরদার, ওহেদুজ্জামান টিপু, আতাউর রহমান বাবলু, হাসানুজ্জামান, আদুবালা শীল প্রমুখ।
গতকাল শনিবার বিকেলে শহরে সুবর্ণ জয়ন্তী শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। পরে সন্ধ্যায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, গুণিজন সম্মাননা প্রদান, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাহিত্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান খান কামাল। এর আগে পরিষদের সাহিত্য সম্পাদক আলমগীরুল নিউটন রচিত কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।