শিবগঞ্জ সীমান্তে ২৮০০ ভারতীয় পাতার বিড়ি জব্দ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ২ হাজার ৮০০ পিস ভারতীয় পাতার বিড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব বিড়ি জব্দ করা হয়।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর ২টার দিকে চকপাড়া বিওপি থেকে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৩/৪-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নামোচকপাড়া গ্রামের পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৪০ প্যাকেট বা ২ হাজার ৮০০ পিস ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয়।
জব্দ করা এসব পণ্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।