পুঠিয়ায় টাস্কফোর্সের অভিযান, ২০০ লিটারের বেশি চোলাই মদ ধ্বংস
রাজশাহীর পুঠিয়ায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ২০০ লিটারের বেশি চোলাই মদ ও মদ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করে ধ্বংস করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) উপজেলার কৃষ্ণপুরের বোনাপাড়া গ্রামে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ২০০ লিটারের বেশি প্রস্তুতকৃত চোলাই মদ এবং মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে জব্দ করা চোলাই মদ ও সরঞ্জামগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানকালে স্থানীয় বাসিন্দাদের মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয়। একই সঙ্গে সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানায় উপজেলা প্রশাসন।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মাদক নির্মূলে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।